‘ফাঁসি কার্যকর হয়েছে, তা প্রমাণ করতে আমাকে নয়বার ঝুলানো হলো।’ বললেন নিরব। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ‘হৃদয় জুড়ে’ ছবির এমনি একটি দৃশ্যের শুটিং হয়েছে এফডিসিতে। আগেই জানানো হয়েছে, ‘সন্ধ্যার পর নিরবের ফাঁসি!’
ফাঁসির আগে কেমন অনুভূতি হলো? নিরব বললেন, ‘ফাঁসির আগে একজন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির যেমন লাগে, সত্যি বলছি, আমারও তেমন লেগেছে। নিজেকে ফাঁসির আসামী মনে হয়েছে। কেমন যেন ভয় করেছে। আসলে আশেপাশের পুরো পরিবেশটা তেমনি ভাবে তৈরি করা হয়।’
জানালেন, ‘হৃদয় জুড়ে’ ছবির পরিচালক রফিক সিকদার পুরো ব্যাপারটি বাস্তবসম্মত ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কারাগারের একজন জেলারের কাছ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব পরামর্শ। জেলখানার ভেতরে গিয়ে পরিচালক ফাঁসির মঞ্চের জায়গাটি ভালো ভাবে দেখে এসেছেন। সেভাবেই তৈরি হয়েছে সেটটি।

গত সোমবার রাতে এফডিসিতে গিয়ে দেখা গেল, মান্না ডিজিটাল ল্যাব ভবনের সামনে সাউন্ড এডিটিং ভবনের পাশের সীমানা প্রাচিরের গা ঘেঁষে নির্মাণ করা হচ্ছে ফাঁসির মঞ্চ।
আজ বুধবার এফডিসিতেই শুটিং করছেন নিরব। জানালেন, আজ ছবির কাজ হচ্ছে ৩ নম্বর ফ্লোরে। আজকের দৃশ্যগুলো হলো জেলখানার।
শুরুতে ফাঁসি, এরপর জেলখানার দৃশ্য। তার মানে শেষ দৃশ্য থেকে শুটিং শুরু করতে হলো? নিরব বললেন, ‘হ্যাঁ, কারণ গল্পে জেলে থাকতে থাকতে আমার চুল দাড়ি সব বড় হয়েছে। তাই এই দৃশ্যগুলো আগে করতে হচ্ছে। এরপর ১৩ মার্চ থেকে হবে আদালতের শুটিং। তখন কিন্তু আমি আবার চুল দাড়ি ছোট করে আগের মতো হয়ে যাব।’

‘হৃদয় জুড়ে’ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এবং পরিচালনা করছেন রফিক সিকদার। ছবিতে নিরবের সঙ্গে অভিনয় করছেন কলকাতার নায়িকা প্রিয়াংকা সরকার।
ছবি : সংগৃহীত







