গ্রুপপর্ব শেষ। শনিবার মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের নকআউট পর্ব। হারলেই বাদ, এমন সমীকরণের শুরুতেই লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে ইরোপ জায়ান্ট ফ্রান্সের। কোয়ার্টারের পথে জিনেদিন জিদারের উত্তরসূরিদের জন্য বড় বাধার নাম হতে পারেন মেসি। তবে ফরাসিদের আতঙ্কিত না হয়ার টনিকই দিচ্ছেন লিও’র বার্সা সতীর্থ ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উমতিতি বলেছেন, ‘নাইজেরিয়ার বিপক্ষে আমি তাকে দেখেছি। অসাধারণ ফুটবল খেলেছে। তাকে থামানো কঠিন। কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না, শুধু লিও-ই নয়; আর্জেন্টিনা দলে আরও স্ট্রাইকার রয়েছে। আমাদের তাদের নিয়েও ভাবতে হবে।’
‘আমরা আশান্বিত হতে পারি এই ভেবে যে, বার্সেলোনার মেসির মতো আর্জেন্টিনার মেসি আমাদের বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠতে পারবে না! বার্সয় মেসির পাশে লুইস সুয়ারেজ থাকে। সে ব্যর্থ হলে সুয়ারেজ ঠিকই স্কোর আদায় করে নেয়। কিন্তু জাতীয় দলে তার পাশে হিগুয়েন খেলছে। সে খুব একটা সফলতা পাচ্ছে না। আর্জেন্টিনার শেষ আট ম্যাচের পরিসংখ্যান সেটাই দেখবে। সবকিছু মিলে আমরা আশান্বিত হতেই পারি। বার্সার মতো আর্জেন্টিনার হয়ে আমাদের বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠবে না মেসি।’
মেসির ওপর থাকা চাপের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন উমতিতি, ‘আমাদের বিপক্ষে মাঠে নামার আগে মেসির চাপ থাকবে। কেননা, বিশ্বকাপ জয়ের চাপ রয়েছে তার ওপর। মেসির চাপ আমাদের জন্য বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে।’
বার্সার মেসি এবং আর্জেন্টিনার মেসির সঙ্গে পার্থক্য তুলে ধরে উমতিতি যোগ করেন, ‘বার্সেলোনার মেসি এবং আর্জেন্টিনার মেসি সম্পূর্ণ আলাদা। বার্সায় মেসি যাদের সঙ্গে খেলে আর্জেন্টিনায় তাদের পাচ্ছে না। ভিন্ন ভিন্ন খোলোয়াড়দের সঙ্গে খেলতে হচ্ছে। তারপরও এটা অস্বীকার করার উপায় নেই, সে অনেকবারই আর্জেন্টিনাকে খাদের কিনার থেকে টেনে তুলেছে।’








