স্পোর্টস

ফন গাল বরখাস্ত, ম্যান ইউতে মরিনহো

ফন গাল বরখাস্ত, ম্যান ইউতে মরিনহো

ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজারের পদ থেকে লুই ফন গালকে বরখাস্ত করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে গোল ডট কম।

বিবিসি বলছে, ফন গালের স্থলে প্রিমিয়ার লিগের সফলতম দলটির দায়িত্ব নেবেন জোসে মরিনহো।

২০১৪ সালে তিন বছরের চুক্তিতে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দিলেও দল আশানুরূপ সাফল্য না পাওয়ায় এক বছর বাকি থাকতেই চাকরি হারাতে হলো ডাচ কোচ ফন গালকে। এমনকি গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডকে এফ.এ কাপের শিরোপা এনে দিয়েও চাকরি বাঁচাতে পারলেন না ৬৪ বয়সী এ কোচ।

গত ডিসেম্বরে চেলসির ম্যানেজারের পদ থেকে বরখাস্ত হওয়া মরিনহোর ওপর আস্থা রাখছে রেকর্ড ২০ বারের লিগ চ্যাম্পিয়নরা। যদিও এ বিষয়ে ম্যান ইউনাইটেড আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি।

আগামী মঙ্গলবার মরিনহোর এজেন্ট হোর্হে মেন্ডেস চুক্তির খুঁটি-নাটি চূড়ান্ত করবেন। আর আগামী সপ্তাহেই রেড ডেভিলদের দায়িত্ব নিতে পারেন স্পেশাল ওয়ান।

এর আগে পোর্তো, চেলসি, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ ২২টি শিরোপা জিতেছেন এই পর্তুগীজ কোচ।

বিষয়:ইংলিশ প্রিমিয়ার লিগ জোসে মরিনহো লুই ফন গাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…