প্রেমিকাকে উত্যক্তের প্রতিবাদ করায় প্রেমিককে খুন

প্রাকৃতিক পরিবেশে যুবক ব্যক্তির ছবি, সবুজ গাছপালা ও প্রকৃতি ব্যাকগ্রাউন্ডে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিরাজ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরেক যু্বক। তার নাম নাজমুল।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় শহরের পৌর পার্কে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত মিরাজ শহরের বৃন্দাবনপাড়া দক্ষিণপাড়া এলাকার আব্দুর রহমান এর ছেলে। তিনি পেশায় অটোরিকশার মেকার ছিলেন। পুলিশ বলছে, প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মিরাজের প্রেমিকাকে মোবাইল ফোনে উত্যক্ত করায় মিরাজ উত্যক্তকারীর মোবাইল নম্বরে যোগাযোগ করে। এরপর মঙ্গলবার বিকালে উত্যক্তকারী আরও ৩ জনকে নিয়ে মিরাজ ও তার বন্ধু নাজমুলের শহরের পৌরপার্কে সাক্ষাৎ করতে আসে।
এক পর্যায়ে তারা মিরাজ ও নাজমুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। নাজমুল আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, ‘প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনার সাথে জড়িতরা গাবতলী উপজেলার বলে জানা গেছে।’
‘‘যে মোবাইল নম্বর থেকে মিরাজের প্রেমিকাকে উত্যক্ত করা হচ্ছিলো ওই নম্বর ট্রেস করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।’’






