গাজীপুরের পোড়াবাড়িতে আসামীবহনকারী লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য এবং ছয় আসামী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশসহ আরো ৯ জন।
আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, পুলিশ সদস্যরা আসামীসহ লেগুনায় শ্রীপুর থেকে গাজীপুর যাচ্ছিলেন। পথে পোড়াবাড়িতে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
ট্রাকটি লেগুনাকে আঘাত করলে ঘটনাস্থলেই চার আসামীর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর দুই আসামী এবং শ্রীপুর থানার কনস্টেবল মোস্তফা কামাল মারা যান।
গাজীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেবি মিয়াকে প্রত্যাহার করা হয়েছে।
স্থানীয়রা জানান, লেগুনার মতো যানগুলোতে নিয়মিতই আসামী বহন করা হয়।
দুর্ঘটনায় পড়া লেগুনাটিতে ১৩ জন আসামী বহন করা হচ্ছিলো বলে পুলিশ জানিয়েছে।







