নেপালে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে খুন হয়েছেন ডালিয়া এহিয়া নামের এক মার্কিন শিক্ষক। তবে তার লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি।
ভূমিকম্প বিধ্বস্ত নেপালে ত্রাণ সহায়তা দিতে আসা ২৫ বছর বয়সী ডালিয়াকে হত্যার সাথে জড়িত সন্দেহে নারায়ণ প্রসাদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক ভাবে হত্যার কথা স্বীকার করা নারায়ণ নিজেও একজন শিক্ষক।
গত ২০ জুলাই নেপাল পৌঁছানোর পর পোখারা এলাকা থেকে নিখোঁজ হন ডালিয়া। এরপর তার পরিবারের অনুরোধে মার্কিন দূতাবাস ও নেপাল প্রশাসনের তদন্তে বের হয়ে আসে হত্যাকাণ্ডের বিষয়টি।
নেপালের পুলিশের উর্ধতন কর্মকর্তা হরি বাহাদুর পাল জানান, আটক নারায়ণ (৩০) নামের ওই শিক্ষক ৪ আগস্ট ডালিয়াকে হত্যা করার কথা স্বীকার করেছে। পর্যটকদের জন্য ভাড়ায় থাকার ব্যবস্থা বন্দোবস্ত করে এমন একটি ওয়েবসাইটের মাধ্যমে তার সাথে ডালিয়ার পরিচয় হয় বলেও জানিয়েছে আটক ওই ব্যক্তি।
পুলিশকে দেওয়া স্বীকারোক্তিতে নারায়ণ জানায়, ঘুমন্ত অবস্থায় হাতুরি ও লাঠি দিয়ে পিটিয়ে মার্কিন ওই নারী শিক্ষককে হত্যা করে লাশটি নদীতে ফেলে দেয় সে। ডালিয়ার লাশ উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে নেপাল পুলিশ।
ডালিয়া এহিয়া যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে সাই-টেক প্রিপ্রারেটরি হাইস্কুলের আর্ট শিক্ষক ছিলেন। তার এই নির্মম মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী শিক্ষক ও তার ছাত্রছাত্রীরা।







