প্রধান বিচারপতির পদত্যাগের মাধ্যমে বিচার বিভাগের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। মওদুদ বলেন, ‘নিম্ম আদালত পুরোপুরি সরকারের কব্জায়। উচ্চ আদালতও নাক ডুবুডুবু অবস্থায় ছিল। প্রধান বিচারপতির পদত্যাগের মাধ্যমে মানুষের সুবিচার পাওয়ার সকল পথ বন্ধ হয়ে গেছে’।
শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মওদুদ বলেন, ’বিচার বিভাগের স্বাধীনতায় সরকার সরাসরি হস্তক্ষেপ করেছে। সাম্প্রতিক ঘটনায় সুপ্রিমকোর্টের মান ইজ্জত সম্মান কিছুই নাই। প্রধান বিচারপতির পদত্যাগের মাধ্যমে মানুষের সুবিচার পাওয়ার সকল পথ বন্ধ হয়ে গেছে। প্রধান বিচারপতিকে মামলা দিয়ে ব্লাকমেইল করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এর অনুশোচনা সরকার একদিন করবে।
“প্রধান বিচারপতির পদত্যাগের মাধ্যমে বিচার বিভাগের সুনাম বেড়েছে”- অ্যাটর্নি জেনারেলের এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আমি এই কথাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রধান বিচারপতির পদত্যাগের কারণে বিচার বিভাগ অপমানিত হয়েছে।
এসময় তিনি আবারও বিএনপি সমঝোতার পথ খোলা আছে মন্তব্য করেন। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের বিকল্প নেই।
আলোচনা সভায় অপরাজেয় বাংলাদেশের সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির নিবার্হী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, বিএনপির নিবার্হী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মাদ রহমতুল্লাহ প্রমুখ।







