গুপ্তহত্যায় বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে বিএনপি।
বৃহস্পতিবার এক
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
প্রধানমন্ত্রীর এমন বক্তব্য জঙ্গিবাদকে প্রশ্রয় দেবে। জঙ্গিবাদ নির্মূলে
একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছে দলটি।
মির্জা ফখরুল বলেন, সম্প্রতিকালের সব গুপ্ত হত্যার দায় বিএনপির ওপর চাপিয়ে প্রধানমন্ত্রী বলছেন, সরকার প্রধান হিসেবে এ সংক্রান্ত যাবতীয় তথ্য নাকি তার কাছে আছে। তাহলে জনগণের প্রশ্ন এই তথ্য যদি তার কাছে থেকে থাকে; তাহলে সাগর রুনি হত্যা, নাটোরের চেয়ারম্যান বাবু হত্যা, ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা ডাকাতি হওয়ার অগ্রিম তথ্যও তার কাছে ছিল। তিনি তা প্রকাশ করেননি কেন?
“আমাদের পরিস্কার কথা, গণভবনে গতকাল প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য অসত্য, উস্কানিমূলক, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার এই বক্তব্যে জঙ্গিরা আরও প্রশ্রয় পাবে।”
এসব অপরাধের ঘটনায় ঢালাওভাবে বিএনপিকে দায়ী করলে ঘটনার তদন্ত কখনোই সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।








