প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে মন্তব্য করে তাদের সাথে কোন ঐক্য নয় বলে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা জানানোর ভাষা নেই বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্যদিয়েই এই বক্তব্যের জবাব দেয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব পলিটিক্স স্টাডিজ (বিপস) আয়োজিত ‘বিচার বিভাগ- সরকার বাহাস: বাংলাদেশে আইনের শাসনের ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।
মোশাররফ বলেন, বিদেশে গিয়ে বিএনপির মতো একটি বৃহৎ ও জনপ্রিয় দল সম্পর্কে প্রধানমন্ত্রীর এ ধরণের বক্তব্য দুর্ভাগ্যজনক। এ বক্তব্যের নিন্দা জানানোর ভাষা নেই।
তিনি বলেন, বিএনপি এদশের সবচেয়ে জনপ্রিয় দল। এই দল ৫ বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। দেশের বেশিরভাগ মানুষ বিএনপিকে চায়।
প্রধানমন্ত্রী এ ধরণের বক্তব্যের মাধ্যমে ২০১৪ সালের মতো আরেকটি একদলীয় নির্বাচন করার ষড়যন্ত্র করছেন বলে দাবি করেন মোশাররফ।
তিনি বলেন, ‘যদি দেশের টেকসই উন্নয়ন চান, আইনের শাসন চান, বিচার বিভাগের স্বাধীনতা চান, রোহিঙ্গা সমস্যা সহ সকল সংকটের স্থায়ী সমাধান চান তাহলে এদেশে জনগণের সরকার দরকার। আর একটি নিরপেক্ষ সহায়ক সরকারের মাধ্যমেই তা সম্ভব।
গোলটেবিল আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. জাফরউল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মুহম্মদ ইবরাহিম প্রমুখ।







