দুটি গোল করলেন, দুটি করালেন। বার্সেলোনা জিতল ৫-০ ব্যবধানে। ম্যাচে চিরচেনা মেসির দেখাই মিলল। কিন্তু নিজের প্রথম গোলটির উদযাপনে দেখা গেল না সেই চিরচেনা ফুটবল জাদুকরকে। গোল করেই দর্শকদের দিকে ফিরে ফোনের ভঙ্গিতে অদ্ভুত এক নতুন উদযাপন করলেন তিনি! কি বোঝাতে চাইলেন মেসি?
স্প্যানিশ লিগে শনিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের ২৪মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সা। সবাই হয়তো ভেবেছিলেন গোল করেই সেই চিরচেনা ভঙ্গিতে দুই হাত দুপাশে প্রসারিত করে পরে দুই আঙুল আকাশের দিকে তাক করে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবেন মেসি। কিন্তু এদিন সেটা ঘটল না।
প্রথম গোলের পর মেসি দৌড়ে গেলেন মাঝমাঠে। সেখানে কাকে যেন দুই আঙুল কানের কাছে নিয়ে কাল্পনিক ফোন করলেন! এই উদযাপনকে ঘিরে তখন থেকেই আলোচনার ঝড়। কেউ কেউ ভাবলেন হয়তো রেফারিং নিয়ে তার নতুন ধরনের এই প্রতিবাদ।
ম্যাচ শেষে সমস্ত জল্পনা-কল্পনায় অবশ্য জল ঢেলে দিয়েছেন মেসি নিজেই। জানালেন, ভাইয়ের ছেলেকে উদ্দেশ্য করে তার এই ইঙ্গিত। আসল কারণটা, ভাতিজা নাকি ম্যাচের আগে তাঁকে অনেকবার ফোন করেছিলেন। কিন্তু ব্যস্ততায় সেই কলে সাড়া দিতে পারেননি। ভাতিজা এদিন গ্যালারিতে উপস্থিত থেকেই চাচার খেলা দেখেছেন। তাই কাল্পনিক ফোন করে প্রিয় ভাইপোকে জানালেন, ‘আমি তোমাকে ভুলিনি!’








