ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইউরোপে ঢোকানো প্রতি ১শ’ জন সিরিয়ান অভিবাসীর মধ্যে ২ জন আইএস’র প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি। লেবাননে আকস্মিক সফরের গিয়ে একটি স্কুল পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।
মূলত লেবাননে শরণার্থী ক্যাম্পের অবস্থা এবং ব্রিটেনের বরাদ্দ ১শ’ কোটি ডলার কীভাবে ব্যবহৃত হচ্ছে তা দেখার জন্যই লেবানন সফরে যান ক্যামেরন।
তার সঙ্গে দেখা করে লেবাননের শিক্ষামন্ত্রী এলিয়াস বউসাবও একই সুরে বলেন, পশ্চিমা বিশ্বে হামলা চালানোর জন্য আইএস ছদ্মবেশে প্রশিক্ষণ দিয়ে জঙ্গি পাঠাচ্ছে।
বউসাবের মতে, জঙ্গি সংগঠনটি তুরস্ক এবং গ্রিস হয়ে ইউরোপে যাবে এমন শরণার্থীদের মধ্য থেকে বেছে বেছে নিজের দলে নিচ্ছে। শিশুরাও আছে এদের মধ্যে। এভাবে দিন দিন তারা দল ভারী করছে, যা খুবই ভয়ানক।
ক্যামেরন এবং বউসাবের দাবি সত্যি হলে এর অর্থ দাঁড়ায়, ২০২০ সালের মধ্যে যে ২০ হাজার শরণার্থীকে ব্রিটেনের গ্রহণ করার কথা, তাদের মধ্যে প্রায় ৪শ’ জন জঙ্গি হতে পারে।
বউসাব বলেন, আইএস লেবাননের সীমান্ত পর্যন্ত এসেই থামবে না। কিছু বুঝে ওঠার আগেই ইউরোপে চলে যাবে।
শরণার্থীরা যদি যথেষ্ট ত্রাণ এবং আর্থিক সহায়তা না পায়, তবে তাদেরকে দলে টানা আইএস’র জন্য বেশি সহজ হবে। তাই শরণার্থীদের আরো বেশি ত্রাণ ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য ব্রিটেনের মতো অন্য দেশগুলোর প্রতিও তিনি আহ্বান জানান।







