মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা, গ্রেপ্তার ৩

বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। খুলনা মহানগরী ও বাগেরহাটের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় ঘটনার ভিডিও ধারণ করা একটি মুঠোফোন ও বোমা নিক্ষেপে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকার শরীফুল ইসলাম শামীম (২৩), খুলনার লবণচরা এলাকার মাহমুদুন নবী (৩১) এবং বাগেরহাটের মূলঘর এলাকার মেহেদী হাসান রাসেল (২৬)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
পুলিশ সুপার জানান, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের দোতলা বসতবাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ১৯ নভেম্বর ফকিরহাট মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পরে মামলাটির তদন্তভার নেয় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে ডিবি পুলিশ। এরপর খুলনা মহানগর পুলিশের লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম ও মাহমুদুন নবীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাটের মূলঘর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মেহেদী হাসান রাসেলকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে শরীফুল ইসলাম শামীমের কাছ থেকে ঘটনার ভিডিও ধারণ করা একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন এবং মেহেদী হাসান রাসেলের কাছ থেকে বোমা নিক্ষেপে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার তিনজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তারা পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।





