অন্যান্য খেলা

প্রতিপক্ষকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের রানী নাওমি ওসাকা

নাওমি ওসাকা অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান ওপেনের রানী নাওমি ওসাকা ট্রফি হাতে নিয়ে উল্লসিত, প্রতিপক্ষকে উড়িয়ে জেতার পর।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমবারের মত কোনো গ্র্যান্ডস্লামের ফাইনাল খেলতে নেমেছিলেন জেনিফার ব্র্যাডি। আমেরিকান টেনিস তারকাকে প্রথম ফাইনালেই বাস্তবতা বোঝালেন জাপানের নাওমি ওসাকা। কোনোরকম প্রতিদ্বন্দ্বীতার সুযোগ না দিয়ে ব্র্যাডিকে উড়িয়ে সরাসরি সেটে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা পুনুরুদ্ধার করেছেন টেনিসের নতুন এই রানী।

মেলবোর্নে শনিবার ব্র্যাডিকে ৬-৪, ৬-৩ গেমে দাঁড়াতেই দেননি ওসাকা। এটি তার দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। এর আগে ২০১৯ সালে প্রথম এই গ্র্যান্ডস্লাম জেতেন ২৩ বছর বয়সী তারকা।

সব মিলিয়ে চার গ্র্যান্ডস্লাম ফাইনালের প্রতিটিতেই অপরাজিত থাকার রেকর্ড গড়লেন ওসাকা। অস্ট্রেলিয়ান ওপেন ছাড়াও ২০১৮ ও ২০২০ সালে ইউএস ওপেন জয়ের শিরোপা আছে তার শোকেসে। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অপরাজিত তিনি।

গোটা টুর্নামেন্টেই ফর্মের তুঙ্গে ছিলেন ওসাকা। হারিয়েছেন সেরেনা উইলিয়ামস, গারবিনে মুগুরেজার মতো তারকাদের। ফাইনালেও সেই ছন্দই ধরে রেখে বাজিমাত করলেন তিনি।

করোনার কারণে ১০০ বছরে প্রথমবার পিছিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন। জানুয়ারি নয়, টুর্নামেন্ট শুরু হয়েছে ৮ ফেব্রুয়ারি থেকে। চোট এবং করোনার কারণে বেশ কয়েকজন নামী খেলোয়াড় এবারের টুর্নামেন্টে অংশ নেননি। সেই তালিকায় রয়েছে রজার ফেডেরার, অ্যান্ডি মারেদের মতো খেলোয়াড়দের নামও। তবে শেষপর্যন্ত সুষ্ঠুভাবেই আয়োজন সম্পন্ন হয়েছে।

রবিবার হবে পুরুষদের ফাইনাল। সেই ম্যাচে মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ এবং ড্যানিয়েল মেদভেদভ।

বিষয়:অস্ট্রেলিয়ান ওপেন-২০২১ নাওমি ওসাকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…