বাংলাদেশ

প্রণব মুখার্জির স্মরণে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে

প্রণব মুখার্জির স্মরণে বাংলাদেশের শোক প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রণব মুখার্জি, ভারতের সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের শোক অনুষ্ঠানে অংশগ্রহণের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রীয় শোক পালনের জন্য বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।

সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানেও আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার।

গত সোমবার ভারতের সেনা হাসপাতালে প্রণব মুখর্জি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১০ অগাস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মস্তিস্কে জমাট বাঁধা রক্ত সরাতে একটি অস্ত্রোপচার করা হয়েছিল। বাড়িতেই পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন প্রণব মুখার্জি। সেই সাথে তার দেহে করোনাভাইরাস পজিটিভ ছিলো।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

দীর্ঘদিন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ও গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে থাকার পরে ২০১২ সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন প্রণব মুখার্জি। তিনি ভারতের ১৩তম রাষ্ট্রপতি।

২০১৯ সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান-‘ভারতরত্ন’ দেওয়া হয়।

বিষয়:কংগ্রেস প্রণব মুখার্জি বাংলাদেশ ভারত ভারতরত্ন রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…