ধর্ম ও জীবন

বড়দিন উদ্‌যাপনে ২ কোটি চেয়েছিল ট্রাস্ট, ৩ কোটি দিলেন প্রধানমন্ত্রী

বড়দিন উদ্‌যাপনে ২ কোটি চেয়েছিল ট্রাস্ট, ৩ কোটি দিলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদ্‌যাপনে দুই কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে আবেদনের চেয়ে এক কোটি টাকা বেশি, মোট তিন কোটি টাকা অনুদানের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। গত সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে অনুমোদন দেন প্রধানমন্ত্রী।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদ্‌যাপিত হবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।

মন্ত্রণালয়ের সারসংক্ষেপে বলা হয়, বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।

তবে প্রস্তাবিত দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা অনুদানের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে আবেদনের চেয়ে এক কোটি টাকা বেশি অনুদান পাচ্ছে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

বিষয়:অনুদান খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্মীয় উৎসব প্রধানমন্ত্রী তারেক রহমান বড়দিন উদ্‌যাপন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…