ঈদের আগে প্রকাশ পায় জনপ্রিয় গায়ক সাব্বির নাসির ও ‘সারেগামাপা’খ্যাত কলকাতার গায়িকা সম্পা বিশ্বাসের গান ‘চান রাতে’। প্রকাশের পর অল্প সময়ে শ্রোতাদের কাছ থেকে বেশ সাড়া পান তারা। এবার নতুন গান নিয়ে হাজির হলো এই জুটি।
সাব্বির নাসির ও সম্পা বিশ্বাসের নতুন গানের নাম ‘হারমোনি বাজাও’। গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্লাবন কোরেশী।
গায়ক সাব্বির নাসির বলেন, প্লাবন দার সঙ্গে এটি তৃতীয় গান এটি। গানে প্লাবন কোরেশী নিজে হারমোনিয়াম বাজিয়েছেন। মিক্স মাস্টারিং করেছেন সালমান জাইম। ভিডিওটি পরিচালনা করেছেন প্রীতুল এবং ভিডিও সম্পাদনা করেছেন ইভান। আশা করি, নতুন এ গানটি শ্রোতাদের শুনতে ভালো লাগবে।
তিনি বলেন, যারা বাংলা ফোক গান পছন্দ করেন এবং এই জুটিকে যারা পছন্দ করেন তাদের এই গান ভালো লাগবে।
সম্পা বিশ্বাস বলেন, দর্শক শ্রোতাদের মধ্যে এরইমধ্যে পৌছে গেছে সাব্বির দা এবং আমার নতুন গান ‘হারমোনি বাজাও’। আমাদের একসাথে কাজ করা এটা পঞ্চম গান। আশা করি, নতুন এ গানটিও বিনোদিনী রাই গানের মত ভালোবাসা পাবে।







