জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনশেষে বেশ শক্ত অবস্থানে রয়েছে সাউথ আফ্রিকা। পেন্ডুলামের মতো দুলতে থাকা কদিনের লড়াইয়ে বুধবার দারুণ ব্যাটিং-বোলিং ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছে প্রোটিয়াদের হাতে। জয় পেতে দরকার আর ১২২ রান, হাতে আছে দুই দিন এবং ৮ উইকেট।
দ্য ওয়ান্ডারার্সে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬৬ রানে অলআউট হয় ভারত। শেষ ইনিংসে ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডিন এলগারের দৃঢ়তায় ২ উইকেটে ১১৮ রান তুলে ফেলেছে প্রোটিয়ারা।
দিনের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল সফরকারী ভারতের। পূজারা-রাহানের জুটি এদিন যোগ করেছে আরও ৫৯ রান। প্রোটিয়াদের হয়ে প্রথম আঘাত হানেন কাগিসো রাবাদা, রাহানেকে ফেরার ফিফটির পর।
ব্যক্তিগত ৫৩ রানে পূজারাকেও এলডব্লিউর ফাঁদে ফেলেন রাবাদা। পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ। শেষদিকে শার্দুল ঠাকুর ও হনুমা বিহারী কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
২৮ রানে জানসেনের শিকার হয়ে শার্দুল যখন সাজঘরে ফেরেন, ভারতের স্কোর তখন ২২৫। সিরাজকে বোল্ড করে ভারতের ইনিংসের ইতি টানেন লুনগি এনগিদি।
তিনটি করে উইকেট নিয়েছেন এনগিদি, রাবাদা ও জানসেন। বাকি একটি উইকেট নিয়েছেন ডুয়ানে অলিভিয়ের।
২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করেছে প্রোটিয়া ব্যাটাররা। ৪৬ রানে ডিন এলগার এবং ১০ রানে অপরাজিত আছেন ফন ডার ডুসেন। ভারতের দুটি উইকেট নিয়েছেন শার্দুল এবং রবীচন্দ্রন অশ্বিন।








