শাহজালাল বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রী এর আগেও একইভাবে স্বর্ণ এনেছেন। তবে এ চালানের সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা খুঁজে পাননি বলে জানান তারা।
কুয়ালালামপুর থেকে ঢাকা আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রী কুমিল্লার দাউদকান্দির রোমান তালুকদারকে এ অভিযোগে আটক করা হয়েছে। তার কাছে অবৈধ মালামাল আছে এমন তথ্যের ভিত্তিতে রোমানকে আটক করেন বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করলে তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে এক্সরে করা হয়। এক্সরেতে-সন্দেহজনক তিনটি বস্তুর অস্তিত্ব ধরা পড়ে। বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা কর্তৃপক্ষের সহকারি কমিশনার মাহাম্মদ জাকারিয়া বলেন, এক্সরেতে তার পেটের নিম্নাংশে তিনটি পুটলি দেখা যায়। আমরা তাকে এক্সরে করার আগে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে। তবে রির্পোট পাওয়ার পর সে স্বীকার করে।
বিমানবন্দরে ফিরিয়ে আনার পর আটককৃত ব্যক্তি নিজেই পায়ুপথ দিয়ে তিনটি মোড়ক বের করে আনেন।
তার ভেতর থেকে বেরিয়ে আসে একশ’ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার। যার বাজার মূল্য প্রায় চল্লিশ লাখ টাকা। বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা কর্তৃপক্ষের সহকারি কমিশনার মাহাম্মদ জাকারিয়া আরো বলেন, এটি পায়ু পথ দিয়ে রবার জাতীয় বস্তু দিয়ে মুড়িয়ে প্রবেশ করা হয়। এর কারণ হিসেবে তিনি বলেন, এটা সাধারণত মেটাল ডিটেক্টরে ধরা পড়ে না। স্বর্ণ চোরাচালানের অভিযোগে রোমানের বিরুদ্ধে মামলার কথা জানান শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা।






