চেলসি ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচ করোনা ভাইরাসে আক্রান্ত বলে শুক্রবার জানিয়েছেন ব্লুজদের কোচ থমাস টুখেল। তরুণ তারকা এমন সময় ভাইরাসে আক্রান্ত হলেন, যখন প্রিমিয়ার লিগ জায়ান্টদের মতো জাতীয় দল যুক্তরাষ্ট্রের আরও বেশি করে দরকার পুলিসিচকে।
২২ বছর বয়সী পুলিসিচের দেশ আমেরিকা কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে নামবে সেপ্টেম্বরের শুরুতে। ২ সেপ্টেম্বর এল সালভাদর, ৫ সেপ্টেম্বর কানাডা ও হন্ডুরাসের বিপক্ষে ৮ সেপ্টেম্বর ম্যাচ আছে যুক্তরাষ্ট্রের।
তার সপ্তাহ দুয়েকেরও কম সময়ের মধ্যে দলের অন্যতম ভরসার কোভিড পজিটিভ হওয়া চিন্তায় ফেলেছে ইউএস কোচ গ্রেগ বেরহ্যাল্টারকে। চেলসির মেডিকেল স্টাফদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি। চলতি সপ্তাহেই বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন তিন ম্যাচের দল দেয়ার কথা গ্রেগের।
গত জুনে কনক্যাকাফ নেশনস লিগের ফাইনালে মেক্সিকোকে ৩-২ গোলে হারানোর ম্যাচে পুলিসিচের গোলেই এসেছিল জয়। অতিরিক্ত সময়ে পেনাল্টিতে জয়সূচক গোলটি করেন তিনি।
এদিকে প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নতুন মৌসুমে চেলসির প্রথম ম্যাচে ৩-০তে জয়ের দিনও জালের দেখা পেয়েছেন পুলিসিচ। ফর্মে থাকা ফরোয়ার্ডকে ২২ আগস্ট আর্সেনালের মাঠে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে পাবে না ব্লুজরা।
এমনকি আন্তর্জাতিক বিরতির আগে ২৮ আগস্ট লিভারপুলের মাঠে মহারণেও পুলিসিচকে পাবেন না টুখেল। যুক্তরাষ্ট্রের পাশাপাশি তাই ব্লুজদের কপালেও চিন্তার ভাঁজ কম নয়।








