ছেলেবেলায় পুলিশ হওয়ার স্বপ্ন ছিলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। মানুষের সেবা করার তার এই স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে।
‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মর্তুজা এবার বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জে সম্মানসূচক কোনো পদে নিয়োগ পেতে পারেন- এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
ঘটনার সূত্রপাত গত এপ্রিল মাসে। বিশ্বকাপ ক্রিকেটের শেষ আসরে দারুণ পারফরম্যান্স করে বাংলাদেশ দল দেশে ফেরে। এ সময় নড়াইল জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দেয় এক সংবর্ধনা অনুষ্ঠানে মাশরাফি নিজেই তার এই স্বপ্নের কথা প্রথম জানিয়েছিলেন।
পরে নড়াইল পুলিশ সুপার সর্দার রকিবুল ইসলাম বিষয়টি খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামানকে অবহিত করেন।
এ বিষয়ে নড়াইল পুলিশ সুপার সর্দার রকিবুল ইসলাম বলেন, ‘মাশরাফি বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি। তিনি পুলিশে নিয়োগ পেলে বিষয়টি আমাদের জন্যও সম্মানজনক হবে। তাই বিষয়টি আমি ডিআইজিকে অবহিত করি। তবে এ বিষয়ে আর কোনো অগ্রগতি হয়েছে কিনা তা আমার জানা নেই।’
খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান জানান, বিষয়টি নড়াইল পুলিশ সুপারের মাধ্যমে জেনেছি। তবে নিয়োগের বিষয়টি আমার এখতিয়ারভূক্ত নয়। তবে বিষয়টি আমি যথাযথ কর্তৃপক্ষকে জানাবো।
প্রসঙ্গত, ভারতের জাতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সেনাসদস্য হবার স্বপ্ন পূরণ করেছে ভারত সরকার। তাকে সম্মান সূচক কর্নেল পদে নিয়োগ দেওয়া হয়েছে ।






