আগে থেকেই মাথায় ঝুলছিল ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র খড়গ। এবার তার সঙ্গে যুক্ত হল উগ্র সমর্থকদের বেপরোয়া কাণ্ড। দুইয়ে মিলে ভালই ঝামেলায় পড়েছে পিএসজি। উগ্র সমর্থকদের কারণে দলটির বিপক্ষে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা।
প্যারিস জায়ান্টদের ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র চেয়েও বড় ঝামেলায় ফেলেছে তাদের উগ্র সমর্থকরা। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের আগে ও ম্যাচের সময় তাদের উগ্র আচরণ নজরে পড়ে সবার। ম্যাচের সময় মাঠেও ফ্লেয়ার ছুঁড়েছে সমর্থকরা।
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রাও অভিযোগের আঙ্গুল তুলেছেন পিএসজির সমর্থকদের দিকে। সোমবার হোটেল রুমের বাইরে এই সমর্থকদের হট্টোগল তাদের প্রস্তুতি ও ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে বলে অভিযোগ লস ব্ল্যাঙ্কোস খেলোয়াড়দের।
সমর্থকদের কারণে অতীতেও উয়েফার নিষেধাজ্ঞা পেয়েছিল পিএসজি। কিন্তু অতীত থেকে শিক্ষা না নেয়ায় এবার বড় জরিমানা গুনতে হতে পারে পিএসজিকে, সমর্থকদের পড়তে হতে পারে নিষেধাজ্ঞায়।










