লিগ ওয়ানে পিএসজির নতুন মৌসুমের যাত্রা শুরু হয়েছিল ট্রয়ের বিপক্ষে জয় দিয়ে। পরে স্ট্রসবুর্গ, শেষে ব্রেস্টের মাঠে তিন পয়েন্ট তুলে তিনে তিন করে ফেলল মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
শুক্রবার রাতে ব্রেস্টের মাঠ থেকে ৪-২ গোলের জয় তুলে ফিরেছে পিএসজি। আন্দ্রে হের্রেরা, কাইলিয়ান এমবাপে, ইদ্রিসা গানা গুইয়ে ও অ্যাঞ্জেল ডি মারিয়া গোল আনেন।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৩ মিনিটে লিড আনে লা প্যারিসিয়ানরা। প্রথম গোল আন্দ্রে হের্রেরার। কাইলিয়ান এমবাপে ব্যবধান দ্বিগুণ করেন ৩৬ মিনিটে।
যদিও দুই গোলে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যেতে পারেনি অতিথিরা। রোমেইন ফেইভ্রের বাড়ানো বলে ফ্র্যাঙ্ক অনোরাট এক গোল ফিরিয়ে দিলে ব্যবধান কমিয়ে বিরতিতে যায় ব্রেস্ট।
মধ্যবিরতির পর ফিরে প্রথমার্ধের ধারা বজায় রাখে পিএসজি। ৬৫ মিনিটে আরেকটি গোল আদায় করে নেয়। এবার জাল খুঁজে নেন ইদ্রিসা গানা গুইয়ে, বলের যোগানদাতা ছিলেন প্রথম গোলের নায়ক হের্রেরা।
ম্যাচের ৮৫ মিনিটে আরেকটি গোল ফিরিয়ে দিয়ে উত্তেজনা ছড়িয়েছিল স্বাগতিকরা। ব্রেস্টের প্রথম গোলের যোগানদাতা রোমেইনের বাড়ানো বলেই পিএসজির জালের নাগাল নেন স্টিভ মৌনিয়ে।
সেই উত্তেজনায় জল ঢেলে এমবাপের বদলি অ্যাঞ্জেল ডি মারিয়া যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল আনেন। বল বাড়িয়েছিলেন আশরাফ হাকিমি। তাতে টানা তিন জয়ের সাথে পূর্ণ তিন পয়েন্টে মাঠ ছাড়া নিশ্চিত হয় পিএসজির।








