পাকিস্তান সফরে যেতে যেন উঠেপড়ে লেগেছে শ্রীলঙ্কা। দলের সফর নিশ্চিত হওয়ার পর নিজেও পাকিস্তান যাওয়ার ঘোষণা দিয়েছেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী।
নিরাপত্তার কারণে শ্রীলঙ্কা দলের বেশ কয়েকজন খেলোয়াড় পাকিস্তান যেতে চাওয়াদের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তবে মন্ত্রী দয়াসিরি জয়াসেকারা বলছেন, পাকিস্তানের নিরাপত্তা প্রস্তুতিতে তারা সন্তুষ্ট।
সাংবাদিকদের জয়াসেকারা বলেন, ‘এটা আমাদের দলের জন্য নিরাপদ। নিরাপত্তা প্রতিনিধি দলের সঙ্গে আমি নিজে থেকে দেখেছি, সেখানটা (লাহোর) আমাদের জন্য নিরাপদ। আইসিসিও আমাদের একই কথা বলেছে।’
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। এই সিরিজেরই শেষ ম্যাচটি হবে লাহোরে।
তবে শেষ ম্যাচ থেকে লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গাসহ বেশ কয়েকজন ক্রিকেটার নাম প্রত্যাহার করে নিয়েছেন। দলের সঙ্গে পাকিস্তান যাবেন না তাদের হেড কোচও।
২০০৯ সালে ক্রিকেটারদের উপর সন্ত্রাসী হামলার পর প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। মাঝের সময়টাতে একমাত্র জিম্বাবুয়ে ছাড়া আর কোনও আন্তর্জাতিক দল পাকিস্তান সফর করেনি।








