আন্তর্জাতিক

পাকিস্তান ও আফগানিস্তানের আইএস প্রধান নিহত

পাকিস্তান ও আফগানিস্তানের আইএস প্রধান নিহত

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলছে, ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর আফগানিস্তান ও পাকিস্তান শাখার প্রধান হাফিজ সাঈদ খান গত মাসে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছে।

হাফিজ সাঈদ তালেবানদের সাবেক কমান্ডার। তিনি আফগানিস্তানে বহু জঙ্গি হামলার নেতৃত্ব দেন।

আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা গত বছর দাবি করেছিল যে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে এক ড্রোন হামলায় সাঈদ খান নিহত হয়েছেন। যদিও তখন আইএস বলেছিল তাদের নেতা কোনোভাবে প্রাণে বেঁচে গেছেন। তবে তখন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যায়নি।

বিবিসির খবরে বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্র জানিয়েছে গত ২৬শে জুলাই নানগারহার প্রদেশের জেলা আচিনে ড্রোন হামলায় সাঈদ খান নিহত হয়েছেন।

রাজধানী কাবুলে শিয়া হাজারা সম্প্রদায়ের এক সমাবেশে আইএসের আত্মঘাতী হামলায় অন্তত ৮০ জন নিহত এবং ২৩০ জন আহত হওয়ার তিনদিন পর ওই ড্রোন হামলাটি চালানো হয়।

গত ২৬শে জুলাই আফগান গোয়েন্দা সংস্থাও জানিয়েছিল নানগারহার প্রদেশে এক সামরিক অভিযানে ১২০ জন আইএস জঙ্গি নিহত হয়েছে।

কিন্তু তখন তারা কোট জেলার কথা উল্লেখ করেছিল, আচিন জেলার কথা নয় এবং সাঈদ খানের নামও তারা উল্লেখ করেনি।

এর আগে ২০১৫ সালের জুলাই মাসেই সাঈদ খান নিহত হওয়ার খবর প্রকাশ হয়েছিল।

এদিকে পাকিস্তানে আফগান রাষ্ট্রদূত জানিয়েছেন নানগারহার প্রদেশে ড্রোন হামলায় আরো আইএস জঙ্গি নিহত হয়েছে।

গত মে মাসে পাকিস্তানের অভ্যন্তরেও যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালায় এবং ওই হামলায় আফগান তালেবান প্রধান মোল্লাহ আখতার মোহাম্মদ মনসুর নিহত হন।

বিষয়:আইএস আফগান আইএস আফগানিস্তান জঙ্গি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…