বিজয়ের মাসের প্রথম প্রহরে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজন এবং সেক্টর কমান্ডার্স ফোরাম নেতারা। তারা সার্ক থেকে পাকিস্তানকে বহিষ্কারের আহ্বানও জানান। অবশিষ্ট মানবতাবিরোধী অপরাধীদের বিচার সম্পন্ন এবং রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তারা।
আজ বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন। বিজয়ের মাসকে স্মরণ করে প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সেক্টর কামান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ ১৯৭১ এর বিজয় গাথার আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধসহ অন্যান্য সকল আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লেখ করে বক্তারা বলেন, ১৯৭৫-এর পর বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়েছে। যার ফলে দেশে যুদ্ধাপরাধীরা প্রতিষ্ঠিত হয়েছে।
সেক্টর কমার্ন্ডার্স ফোরামের সহ-সভাপতি লে. জে. (অব.) হারুনুর রশীদ বলেন, আমরা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে সফল হয়েছি। কিন্তু একটি ক্ষেত্রে আমরা বিফল হয়েছি। সেটি হচ্ছে আমরা মুক্তিযুদ্ধকে ধরে রাখতে পারিনি। আমাদের নৈতিক অবক্ষয় হয়েছে।
সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ড কার্যকরের পর পাকিস্তানের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ। তার এক সপ্তাহের মাথায় সোমবার পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে বিবৃতি দিয়ে পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে মনে করেন বিশিষ্টজনেরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আজকে পাকিস্তান যেই বিবৃতি দিয়েছে এতে করে আমি মনে করি পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আর অব্যাহত রাখার কোন সুযোগ নেই। সার্কের কোন রাষ্ট্র অন্য কোন রাষ্ট্রের অভ্যন্তরিণ ব্যাপারে কথা বলার কোন সুযোগ নাই। আজকে পাকিস্তান যেটা করেছে সার্কের চেতনার বিরোধী কাজ করেছে। এ কারণে সার্কের যে সংগঠন তার থেকেও পাকিস্তানের বহিষ্কার দাবি করা এখন বাংলাদেশের কর্তব্য।
সেক্টর কমার্ন্ডার্স ফোরামের চেয়ারম্যান মে. জে. (অব.) কে এম শফিউল্লাহ বলেন, পাকিস্তানে আমাদের যে এ্যাম্বেসেডর আছে তাকে ডেকে প্রতিবাদ জানাচ্ছে। আমিতো মনে করি যে এই দেশের সাথে কোন সম্পর্ক রাখাই উচিত না।
পরে নতুন প্রজন্মের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন রণাঙ্গণের অকুতোভয় এ দুই বীর সেনানী। মশাল প্রজ্জ্বলন করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করেন মুক্তিযোদ্ধারা।







