এশিয়ার তিনবারের সেরা পাকিস্তান। আসরের অন্যতম ফেভারিটও। অন্যদিকে কখনও এশিয়ার সেরা না হতে পারলেও চলতি আসরের শিরোপার অন্যতম দাবিদার মালয়েশিয়াও। সেটাই আরেকবার জানান দিল দলটি। বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখল র্যাঙ্কিংয়ের ১২ নম্বর দল মালয়েশিয়া।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সেরা চারের প্রথম ম্যাচে খেলা শুরুর বাঁশি বাজতে না বাজতেই মালয়েশিয়াকে স্তম্ভিত করে গোল আদায় করেছে পাকিস্তান। ম্যাচের পহেলা মিনিটের আগেই আসরের দ্রুততম গোল করেছেন ওমর মুসা।
প্রথম কোয়ার্টারে গোল ফেরত দিয়েছে মালয়েশিয়াও। পেনাল্টি কর্নার থেকে দলকে সমতায় ফেরান রাজি রহিম।
ম্যাচের ২১ মিনিটে মালয়েশিয়াকে পিছনে ফেলে আবারও এগিয়ে যায় পাকিস্তান। ফিল্ড গোলে দলকে এগিয়ে দেন জাফর।
দ্বিতীয়বারের মত পিছিয়ে পরে দ্রুতই সমতা ফেরায় মালয়েশিয়া। ২৫ মিনিটে ফিল্ড গোলে দলকে খেলায় ফেরান শাহরিল সাবাহ।
পরে ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ফিতরি সারির গোলেই পাকিস্তানের বিপক্ষে স্মরণিয় জয় নিশ্চিত হয়ে যায় মালয়েশিয়ার।







