ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রাজনৈতিক বৈরিতা ভালই টের পাওয়া যায়। হকিতেও এককালে পাওয়া যেত সেই উত্তেজনার আঁচ। বর্তমানে অবশ্য ভারতের কাছে পাত্তা না পাওয়াটা অভ্যাসেই পরিণত করে ফেলেছে পাকিস্তান। রোববার আরেকবার প্রমাণ পাওয়া গেল ভারত কতটা এগিয়েছে, আর পাকিস্তানের সুদিন ক্রমেই কতটা স্তিমিত হয়েছে।
এশিয়া কাপ হকির পুল ‘এ’র শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে দুবারের এশিয়া সেরা ভারত। কেটেছে সেমিফাইনালের টিকিট। সঙ্গী পাকিস্তানও।
তিন ম্যাচেই জয় পাওয়া ভারতের পয়েন্ট সর্বোচ্চ ৯। প্রতিপক্ষের জালে তারা বল জড়িয়েছে ১৫ বার, খেয়েছে একটি মাত্র গোল। এক জয়, এক হার এবং এক ড্রয়ে পাকিস্তানের সংগ্রহ সেখানে ৪ পয়েন্ট। গোল করেছে ১০টি, তাদের জালে বল জড়িয়েছে পাঁচবার। জাপানের পয়েন্টও ৪, তবে পাকিস্তানের তুলনায় গোল ব্যবধানে পিছিয়ে তারা। শেষ চারের আশা তাতে নিভে গেছে সূর্যোদয়ের দেশটির। গ্রুপের অন্য সদস্য বাংলাদেশ হেরেছে সবগুলো ম্যাচ। পয়েন্টের খাতা শূন্য।
হারলেও ভারতকে প্রথমার্ধে কাঁপিয়ে দিয়েছিল পাকিস্তান। বেশিরভাগ সময়েই বলের দখল রেখেছে নিজেদের স্টিকে। আদায় করেছে বেশি পেনাল্টি কর্নারও।
কিন্তু কাজের কাজটি করেছে ভারতই। সুযোগের সদ্ব্যবহার করে ১৭ মিনিটে ফিল্ড গোলে দলকে এগিয়ে নেন চিংলেসানা কানজুজাম।
দ্বিতীয়ার্ধে নিজেদের আসল রূপটি পাকিস্তানকে দেখিয়েছে ভারত। ৪৩ মিনিটে রামানদীপ সিং এবং ৪৫ মিনিটে হারমানপ্রীত সিংয়ের গোল ম্যাচ থেকে ছিটকে দেয় পাকিস্তানকে।
ম্যাচে ফেরার চেষ্টায় আলি শান ৪৮ মিনিটে একটি গোল পরিশোধ করলেও ম্যাচে ফেরা হয়নি পাকিস্তানের।







