নৌকা-ধানের শীষে লড়াই হবে বাঁশখালি পৌরসভায়

জাতীয় পার্টির প্রার্থী প্রচারনায় না থাকায় চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় মূল লড়াই হবে নৌকা ও ধানের শীষের প্রার্থীর মধ্যে। ভোটাররা বলছেন, পৌর উন্নয়নে যিনি অবদান রাখতে পারবেন এমন পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীকে ভোট দেবেন তারা।
চট্টগ্রাম শহর থেকে ৫০ কিলোমিটার দুরের পৌরসভা বাঁশখালী। ২০০৩ সালে পৌরসভা হওয়ার পর প্রথম নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এবং পরের নির্বাচনে আওয়ামী সমর্থিত প্রার্থী বিজয়ী হন।
বর্তমান মেয়রের পরিবর্তে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের টিকিট পেয়েছেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার দাবি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে।
বিএনপির ভরসা প্রথম নির্বাচনে জয়ী প্রার্থীর উপর। এখন পর্যন্ত প্রচারণায় বাধা পাওয়ার কোনো অভিযোগ না থাকলেও সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কা তার।
তিনি বলেন, এখনো তেমন বাধা পাইনি তবে শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কায় আছি।
এখন পর্যন্ত কোনো ধরনের অঘটন না ঘটলেও নির্বাচন কেন্দ্রিক যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী।
চট্টগ্রামের ১০টি পৌরসভায় মুলত বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও ব্যক্তি ইমেজও প্রাধান্য পাবে ভোটের লড়াইয়ে। ব্যক্তি ইমেজে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুটি পৌরসভার বিদ্রাহী প্রার্থীর।






