নোয়াখালীতে হিন্দু পরিবারকে ‘পুড়িয়ে মারা’র চেষ্টা

নোয়াখালীর বেগমগঞ্জে শুক্রবার রাতে ঘুমন্ত একটি পরিবারকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার মধ্যরাতে চৌমুহনী পৌরসভার নাজিরপুর গ্রামে হরিপদ আচার্যের ঘরের চারপাশে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
আগুন দেখে আতঙ্কিত হয়ে তারা চিৎকার শুরু করলে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।
ঘটনার পর পুলিশ ঘটনা স্থল পরির্দশন করে। ক্ষতিগ্রস্ত হরি ডাক্তার বাদি হয়ে ৫ জনকে আসামী করে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
যার ঘরে আগুন দেয়া হয়েছে সেই গ্রাম্য ডাক্তার হরিপদ আচার্য জানান: ‘জমি নিয়ে বেশকিছু দিন ধরে স্থানীয় একটি পরিবারের সাথে ঝামেলা হচ্ছিল। আমাদের উপর অনেক অত্যাচার করা হয়েছে। এখন রাতে ঘরের চারপাশে আগুন দিয়ে মারার চেষ্টা করেছে। আগুনে ঘরের অনেক কিছু পুড়ে গেছে।’
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) তদন্ত জসিম উদ্দিন বলেন: ‘ঘটনার তদন্ত করা হচ্ছে। আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনজনকে মূল আসামী করে এবং দুইজনকে হুকুমের আসামী করে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।’







