নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে পিকআপভ্যান ও সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক নারী’সহ সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪ জন।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মন্নান নগর-চরজব্বার সড়কের চর জব্বর সীমান্তবর্তী ফিরিঙ্গি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, সুবর্নচর উপজেলার চরবাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাহাব উদ্দিনের ছেলে মো. সবুজ (৪৫) ও তোতার বাজার এলাকার বাসিন্দা জোবায়েদা আক্তার (৩৬)। আহতরা হচ্ছেন, সুমনা আক্তার সুবর্ণা (১৮), মনছুরা (৩৫), মো. ইউসুফ (৪৫) ও আবদুল্লাহ (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহর মাইজদীর কোর্ট থেকে এক ভাতিজির বিয়ে শেষে বিকেলে সিএনজি অটোরিকশা যোগে সুবর্ণচরে ফিরছিলেন সবুজ ও জোবায়েদা’সহ ৬জন। তাদের বহনকারী সিএনজিটি সুবর্ণচর ও সদর উপজেলার সীমান্তবর্তী ধর্মপুর ইউনিয়নের ফিরিঙ্গি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী সবুজ নিহত হয়। আহত অবস্থায় জোবায়েদাসহ অপর যাত্রীদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোবায়েদাকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম দু’জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, আহত মনছুরা ও আবদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







