নেপালে সংবিধান জটিলতায় সংঘর্ষে শিশুসহ নিহত ৪

নেপালে নতুন সংবিধান প্রণয়নের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে পুলিশের সংঘর্ষে চার বছরের এক শিশুসহ চারজন নিহত হয়েছে। বুধবার এই চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।
পুলিশ এবং প্রতিবাদকারীদের সংঘর্ষের মাঝে পড়ে নিহত হয় চার বছরের শিশু। সংঘর্ষে পাঁচ বিক্ষোভকারী ছাড়াও ২০ পুলিশ সদস্য আহত হয়।
গত আগস্ট থেকে শুরু হওয়া বিক্ষোভ ও সংঘর্ষে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
নতুন সংবিধানের ফলে জন্মভূমি বিভক্তির পাশাপাশি খ্যালঘুদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে বিক্ষোভকারীরা মনে করছে। এছাড়া সন্তানদের রাষ্ট্রীয় পরিচয়দানের ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্যেরও সমালোচনা করা হচ্ছে।
প্রতিবাদকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রল বোমা ছুঁড়ে বলে জানান জেলা পুলিশ অফিসার বিসু প্রসাদ ধাকাল। এরপরই পুলিশের দিক থেকে রাবার বুলেট ছোঁড়া হয়। তবে পুলিশ কোনো গুলি করেনি বলে দাবি করেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত প্রতিবাদকারী এবং আইনশৃঙ্খলা বাহিনী দুই পক্ষকেই শান্ত থাকার আহবান জানিয়েছে।
গত সোমবার ধর্মনিরপেক্ষ নেপালকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি গণ পরিষদে খারিজ হয়ে যায়। সেখানে ৬০১টি আসনের মধ্যে মাত্র ২১ জন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দেন।
২০০৭ সাল পর্যন্ত রাজতন্ত্র পরিচালিত নেপাল বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিত ছিলো। তার পর রাজতন্ত্র থেকে গণতন্ত্রে রূপান্তরের সময় সাধারণ মানুষের আন্দোলনের জেরে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় নেপাল।






