নেইমার নাটকের শেষ কোথায় জানা নেই কারো। বার্সা-পিএসজি কর্তৃপক্ষের কাছেও পরিষ্কার উত্তর নেই। উত্তর নেই সতীর্থদের কাছেও। তাইতো সংবাদ মাধ্যমের ক্রমাগত নেইমার কেন্দ্রিক প্রশ্নে খানিকটা বিরক্তিই ঝরল বার্সা অধিনায়ক ইনিয়েস্তার কণ্ঠে। সুয়ারেজ অবশ্য অতটা বিরক্ত নন, তবে ব্যথিত! নেইমার-প্রশ্নের মুখোমুখিও হতে চাচ্ছেন না। সময়টাতে দুই তারকার প্রবল সমর্থনও পাচ্ছেন ব্রাজিলিয়ান বয়। দুজনেই নেইমারের উড়তে চাওয়া বিমানটা থামাতে চান!
দলবদল নাটকের মাঝেই সবশেষ দৃশ্যে যোগ হয়েছে অনুশীলনে সতীর্থ নেলসন সেমেদোওর সঙ্গে নেইমারের হাতাহাতির বিষয়টি। সেটিকে নেইমারের ক্লাব ছাড়ার ইঙ্গিতের সঙ্গে মেলানো হচ্ছে। রিয়ালের বিপক্ষে রোববারের ক্লাসিকোর আগে সংবাদ মাধ্যমের যত প্রশ্ন তাই নেইমারকে নিয়ে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেশের বাইরে প্রথম লড়াই, সে বিষয় নিয়ে বলার চেয়ে নেইমারকে নিয়েই বেশি বলতে হচ্ছে সুয়ারেজ-ইনিয়েস্তাদের।
নেইমারকে নিয়ে তেমনি এক প্রশ্নের মুখে সংবাদ মাধ্যমের প্রতি কিছুটা বিরক্তিই প্রকাশ করেছেন অধিনায়ক ইনিয়েস্তা, ‘দয়া করে আপনাদের অনুরোধ করছি আর এ বিষয়ে জিজ্ঞেস করবেন না। এসব গুজব বন্ধ করার একটাই উপায়, নেইমার নিজে এসে কথা বলুক। আপনারা তার কাছেই জানতে চান সবকিছু।’
সুয়ারেজও একমত অধিনায়কের সঙ্গে। তবে এমএসএন ত্রয়ীর অন্যতম সদস্যের বুকে নেইমারের বিদায়ের গুঞ্জনটা বিঁধছে ব্যথার শেলের মত, ‘তার মত সেরা সতীর্থের চলে যাওয়াটা চাই না। তবে আমিও চাই নেইমার নিজে সব প্রশ্নের জবাব দিক। আমাদের কাছ থেকে সে সবরকম সাহায্যই পাবে।’
বার্সার বেঁধে দেয়া ২২২ মিলিয়ন বাই আউট ক্লজ ভেঙ্গেই নেইমারকে নিয়ে যেতে চায় পিএসজি। তবে ব্রাজিলিয়ান তারকাকে এত বিশাল অর্থ দিয়েও পরিমাপ করা সম্ভব নয় বলে মত উরুগুইয়ান তারকার, ‘আমি মনে করি না নেইমারকে ২০০-৩০০ মিলিয়ন ইউরো দিয়ে বেঁচে বার্সার কোন লাভ হবে। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমরা দলে সেরা খেলোয়াড়টিকেই চাই। কোন সন্দেহ নেই আমরা সবাই চাই নেইমার আমাদের সঙ্গে থাকুক।’
অনুশীলন মাঠে সেমেদোওর সঙ্গে নেইমারের হাতাহাতিকে অনুশীলনের অংশ বলেই মনে করছেন সুয়ারেজ, ‘এটা সত্যি, এরকম একটা ঘটনা ঘটেছে। তবে এটা অনুশীলনেরই অংশ। আমরা যারা মাঠে থাকি তাদের কাছে এসব ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার।’








