নেইমারকে নিয়ে রিয়াল-পিএসজি টানাটানি অব্যাহত রয়েছে। রোনালদোর সঙ্গে নেইমার খেলতে চান, রিয়ালের এমন দাবির পর পিএসজি বলছে, নেইমার বিক্রি হচ্ছেন না।
রিয়ালের দাবিকে গুজব বলে মন্তব্য করেছে প্যারিসের ক্লাবটি। তারা মনে করছে, এই ধরণের খবর নেইমারের প্রতি মানুষের আগ্রহের কারণে ছড়াচ্ছে।
পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাফি বলছেন, তাদের কাছে নেইমারের দলবদলের কোনো খবর নেই। আর তাই তিনি ওইসব খবরকে এতটুকু গুরুত্ব দিচ্ছেন না।
পিএসজির এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কা বলছে, ‘নেইমারকে বিক্রির কোনো নির্দিষ্ট মূল্য নেই। কারণ বিক্রির জন্য তিনি বিবেচিতই হচ্ছেন না। তার বিষয়ে অন্যদের সঙ্গে চুক্তির খবর হাস্যকর এবং সম্ভাবনা শূন্যের কোঠায়।’
পিএসজির মাঠে মার্সেইকে ৩-০ গোলে হারানোর ম্যাচে গোড়ালিতে মারাত্মক আঘাত পান নেইমার। ম্যাচের ৭৭তম মিনিটে বউনা সারের কাছ থেকে বল নেয়ার সময় বুটের আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্ট্রেচারে করে বাইরে নিতে হয় তাকে। এরপর অস্ত্রোপচার করাতে ব্রাজিলে উড়াল দেন। সেখান থেকে ফিরে এখন পিএসজিতেই আছেন। অনুশীলনও শুরু করেছেন।
এই মাসের ১৭ তারিখের পর তিনি মাঠে নামার অনুমতি পাবেন। কেনের বিপক্ষে ১৯ মে পিএসজির মৌসুমের শেষ ম্যাচটি খেলতে পারেন। মৌসুম শেষ করার বিষয়ে ব্যবসায়িক দিক থেকেও নেইমারের তাড়া রয়েছে। স্পন্সরদের কাছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।







