সতীর্থদের সঙ্গে বার্সায় ফেরেননি। নেইমার এখন কোথায়? না, এখনো ফ্রান্সের বিমানে চেপে বসেননি ব্রাজিলিয়ান তারকা। বিজ্ঞাপনের কাজে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি উড়াল দিয়েছেন চীন। সংবাদ মাধ্যমগুলোর দাবি এরপরই কাতারের উদ্দেশ্যে পাড়ি জমাবেন তিনি। সেখানে পিএসজিতে যাওয়ার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য নিজেকে সপে দেবেন চিকিৎসকদের হাতে।
নেইমারকে বহনকারী বিমান কাতারে নামবে মঙ্গলবার। সেখানে পিএসজির মালিক নাসের আল খেলাফির সঙ্গে দেখা করার কথা আছে নেইমারের। কাতারের গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি এমনই।
কাতারি পত্রিকা আল ওয়াতান জানাচ্ছে, নেইমারকে ২০২২ বিশ্বকাপের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ করতে চায় কাতার ফুটবল ফেডারেশন। এই নিয়ে আলোচনার মাঝেই দেশটির আসপিতার মেডিকেল সেন্টারে হবে ব্রাজিলিয়ান তারকার স্বাস্থ্য পরীক্ষা।
চীনে উড়াল দেওয়ার আগে নেইমার নাকি বার্সা সতীর্থদের বিদায় বলে এসেছেন। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ডন ব্যালন দাবি করেছে, মেসি তার লাতিন আমেরিকান ক্লাব সতীর্থকে বিদায় জানিয়ে লিগ-ওয়ানে তার সাফল্য কামনা করেছেন। মিয়ামিতে রিয়ালের ড্রেসিংরুমে নেইমারের ১৫ মিনিট সময় কাটানোর খবরও ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, চিরপ্রতিদ্বন্দ্বীদেরও বিদায় বলে এসেছেন তিনি। সেইসূত্র ধরেই রিয়াল অধিনায়ক সার্জিও রামোস পরে সংবাদ মাধ্যমকে বলেন, আর দেখা হবে না নেইমারের সঙ্গে।







