‘আমি সবসময় একটু ভিন্ন ধরনের গল্পে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। “একটি নিষিদ্ধ ভালোবাসার গল্প” টেলিছবির গল্পটি আমাকে শুনিয়েছেন জে এস মিশু। তখনই আমি তাকে হ্যাঁ বলে দেই। কারণ এত চমৎকার একটি গল্প, যেখানে অভিনয়ের অনেক জায়গা আছে।’ বললেন জাকিয়া বারি মম।
‘একটি নিষিদ্ধ ভালোবাসার গল্প’ টেলিছবিতে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, এমন নারীর চরিত্রে অভিনয় করছেন মম। তিনি বলেন, ‘চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং ছিল। তবে আমি বলব চ্যালেঞ্জ নিয়ে কোনো ভুল করিনি। বাকিটা দর্শক বলতে পারবেন।’
লিখেছেন ও পরিচালনা করেছেন জে এস মিশু। তিনি বলেন, ‘যখন আমি গল্পটা লিখেছি, তখনই আমি নন্দিনী চরিত্রে জাকিয়া বারী মমকে নেওয়ার সিদ্ধান্ত নিই। মম অসাধারণ অভিনয় করেছেন।’

নাটকের গল্প জানতে চাইলে মিশু বলেন, নাটকে মমর চরিত্রের নাম নন্দিনী। মফস্বল শহরে বেড়ে ওঠা একটি মেয়ে। পড়াশুনার জন্য পাড়ি জমায় অন্য বড় শহরে। সেখানে আসার পর এক রাতেই তার জীবনটা পাল্টে যায়। ওই রাতের পর নন্দিনী নামের সঙ্গে যুক্ত হয় “নিষিদ্ধ” শব্দটি। পেশা হিসেবে সে বেছে নেয় পতিতাবৃত্তিকে। ঘটনাক্রমে তার সঙ্গে পরিচয় হয় এক অন্ধ লেখকের। নন্দিনী নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, বাস্তবে রূপ দেওয়া ততটাই কঠিন।
নন্দিনী চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম এবং অন্ধ লেখক নাভিদের চরিত্রে অভিনয় করেছেন পাভেল। আরও আছেন ফারহানা মিঠু, লুৎফর রহমান জর্জ, শর্মিলী আহমেদ, মনির, পারিসা, অরিন প্রমুখ।










