রোববারের নির্বাচন শেষে মিয়ানমারের বিরোধী দল এনএলডি’র নেতা অং সান সু চি বলেছেন, নির্বাচন ‘অবাধ না হলেও নিরপেক্ষ’ ছিলো। নির্বাচনের প্রাথমিক ফলাফলে নিরঙ্কুশ বিজয়ের ইঙ্গিত পেয়ে মিয়ানমারের জনগণকে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি।
মিয়ানমারের সংবিধান অনুসারে সু চি প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে সু চি বলেছেন, দলের প্রধান হিসেবে তিনি একজন প্রেসিডেন্ট ‘খুঁজে বের করবেন’। নির্বাচন পরবর্তী বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সু চি।
দেশটিতে বহু দশক ধরে সামরিক শাসনের পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচন ২৫ বছরের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক ঘটনা বলে মনে করেন সু চি।
ভোট গণনা করে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় আরো কয়েকদিন দেরি হবে। তবে সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) অধিকাংশ আসনে জয়ী হয়েছে বলে জানানো হয়েছে।
এরই মধ্যে নির্বাচনে পরাজয় মেনে নিয়েছে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। নির্বাচনে এনএলডি’র বিজয়ে সু চিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






