নির্বাচনের ফলের বিরুদ্ধে আইনী লড়াই চালাতে তহবিল গঠনে মরিয়া ট্রাম্প শিবির

ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকার ব্যানার।. Channel i News – চ্যানেল আই নিউজ
মার্কিন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আইনী লড়াইয়ের জন্য ব্যপকভাবে অর্থ সংগ্রহ করছে ট্রাম্প শিবির।
নির্বাচনের পরের দিনই ট্রাম্প শিবির প্রচুর পরিমাণে তহবিল সংগ্রহ করতে শুরু করেছে। গত কয়েকমাস ধরে নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহের কথা জানিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প।
মধ্যরাত থেকে সমর্থকদের কাছে অর্থের জন্য ছয়টি ইমেল প্রেরণ করেছে ট্রাম্প শিবির। প্রতিটি অনুরোধে ডেমোক্র্যাটরা নির্বাচন “চুরি” করার চেষ্টা করছে এমন দাবি করা হয়েছে। কিন্তু সেখানে নির্বাচনের কারচুপি নিয়ে কোনো প্রমাণ তুলে ধরা হয়নি।
নির্বাচন দিবসের শুরুতে উইসকনসিনের কেনোশায় একটি প্রচারণায় আইনজীবীদের ট্রাম্প বলেছিলেন, “সেখানে যাবেন এবং তারা লড়াই করবেন।”
ভোট গণনা বন্ধের দাবি নিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে গেলে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনেও তার আইনজীবীদের নিয়ে প্রস্তুত বলে জানিয়েছেন।
বুধবার নির্বাচনী প্রচারণায় বাইডেন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি ভোট গণনা বন্ধে আদালতে যেতে চান, তাহলে তা প্রতিহত করার জন্য আমার আইনজীবীরাও প্রস্তুত রয়েছেন।
বুধবার ভোট গণনার মাঝেই ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে নিজেকে বিজয়ী ঘোষণা করে বলেন, আমরা বিজয়ের জন্য প্রস্তুত ছিলাম, সত্যি কথা বলতে, আমরাই বিজয়ী হয়েছি।
এরপর কোনো প্রমাণ ছাড়াই তিনি দাবি করেন, নির্বাচনে কারচুপি করা হয়েছে। এটা আমেরিকান জনগণের সঙ্গে প্রতারণা দাবি করে তিনি জানান, নির্বাচনী ফলাফল নিয়ে লড়াই করতে তিনি সুপ্রিম কোর্টে যাবেন।
ট্রাম্প বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাবো। এখন আমরা সব ভোট গণনা কার্যক্রম বন্ধ চাই। এটা খুবই দুঃখজনক একটি মুহূর্ত।
যদিও এখনো ভোট গণনা চলছে। এরই মাঝে ট্রাম্পের বিজয়ী দাবির তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলীয়রা। ট্রাম্পের এধরনের বক্তব্যকে অবৈধ, বিপজ্জনক ও একরোখা বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটরা।






