মিয়ানমারে বিদ্রোহী রোহিঙ্গা ও বার্মিজ মিলিটারি মধ্যে চলমান সংঘর্ষ ও বিবাদে হিন্দু ধর্মের লোকরাও আক্রান্ত হচ্ছেন। অজ্ঞাত অস্ত্রধারী দলের আক্রমণের শিকার হয়ে ৭০টির বেশি হিন্দু পরিবার কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।
আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের মোট ৭০টি পরিবারের প্রায় ৪১২ জন রোহিঙ্গাদের সঙ্গে রেজু আমতোলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কাতুপালংয়ের পশ্চিম হিন্দুপাড়া শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন।
বকুল বালা রুদ্র নামের এক নারী জানান, তার স্বামী ফকিরা বাজারে তাদের মেয়ের জামাই বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এসময় অজ্ঞাত অস্ত্রধারীরা তার মেয়ে, জামাইসহ পরিবারের সবাইকে হত্যা করে।
হিন্দু শরণার্থীরা বলছেন, গত ২৫ আগস্ট দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর উপর হামলার সময় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রধারী কয়েকজন তাদের গ্রামে প্রবেশ করে এবং তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হয়। বুধবার আক্রমণকারীরা মুখে কালো কাপড় ও মুখোশ পড়ে ফকিরা বাজার, রিকতাপাড়া এবং চিকনছারি গ্রাম ঘিরে ফেলে এবং সম্প্রদায়ের ৮৬ জনকে হত্যা করে।







