ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর কাছে হার মেনেছেন জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
রাজধানীর একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে মারা যান বাঁহাতি এই স্পিনার।
চ্যানেল আই অনলাইনকে মোশাররফ রুবেলের পরিবারের একটি সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
লাল-সবুজের জার্সিতে পাঁচটি ওয়ানডে খেলা রুবেলের ব্রেন টিউমার শনাক্ত হন ২০১৯ সালে। এরপর তিনি পাড়ি জমান সিঙ্গাপুরে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়।
এরপর দেশে ফিরলেও কেমোথেরাপি এবং রেডিওথেরাপির জন্য নিয়মিত সিঙ্গাপুর যাওয়া-আসার মধ্যে থাকতে হতো। গত বছরের ডিসেম্বরে তাকে সর্বশেষ কেমো থেরাপি দেওয়া হয়। তারপর থেকে দেশের হাসপাতালে ফলোআপে ছিলেন তিনি।
২০২০ সালে সুস্থ হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রুবেল। কিছুদিন মিরপুরে অনুশীলনও করেছিলেন তিনি। কিন্তু নভেম্বরে ফের অসুস্থ হয়ে পড়েন। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা যায়, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে এবং অনেকদিন ভোগার পর শেষে চলেই যেতে হল তাকে।
বাংলাদেশের জার্সি গায়ে ২০০৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় রুবেলের। জাতীয় দলের হয়ে মাত্র পাঁচটি ওয়ানডে খেলার সুযোগ হলেও ফাস্ট ক্লাস ক্রিকেটে ১১২ ম্যাচে নিয়েছেন ৩৯২ উইকেট। জাতীয় দলের হয়ে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন বাঁহাতি এই স্পিনার।







