নর্থ কোরিয়া ও তার মিসাইল পরীক্ষা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আর বৈঠক ডাকবে না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সেসব বৈঠকের ‘কোনো সুফল পাওয়া যায় না’ উল্লেখ করে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হেইলি বলেছেন, এ ধরণের বৈঠক বারবার করলে নর্থ কোরিয়া মনে করবে আন্তর্জাতিক মহল তার কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করতে চায় না।
গত শুক্রবার আবারও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে নর্থ কোরিয়া দাবি করে, এই মিসাইল পরীক্ষা প্রমাণ করে পুরো যুক্তরাষ্ট্র এখন তাদের হামলার আওতাধীন।
এর জবাবে অন্যান্যবারের মতো জানিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক না ডেকে উল্টো কোরীয় উপদ্বীপ অঞ্চলের ওপর দিয়ে একটি অ্যান্টি-মিসাইল সিস্টেম এবং বোমারু বিমানের পরীক্ষা চালায়।
হেইলি এক বিবৃতিতে বলেন, নর্থ ইতোমধ্যেই নিরাপত্তা পরিষদের বহু নিয়মকানুনের লঙ্ঘন করেছে। নিয়মগুলোকে দেশটি বিদ্রুপ করেও দায়মুক্তভাবে আছে।
‘আরও একটা নীতি তৈরি করার পর যদি সেটা নর্থ কোরিয়ার ওপর উল্লেখযোগ্যভাবে আন্তর্জাতিক চাপ বাড়াতে ব্যর্থ হয় তাহলে সেটার কোনো মূল্য নেই,’ বলেন নিকি হেইলি, ‘বরং কিছু না করার চেয়ে এটা আরও খারাপ। কারণ এমন পদক্ষেপ নর্থ কোরীয় স্বৈরশাসকের কাছে এই বার্তাই দেবে যে, আন্তর্জাতিক মহল তাকে গুরুত্ব নিয়ে চ্যালেঞ্জ করতে আগ্রহী না।’
নর্থ কোরিয়ার লাগাম টেনে ধরতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।







