ধুতি-কুর্তা পরে থাকায় কলকাতার জনপ্রিয় এক শপিং মলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছেন চিত্রনির্মাতা আশিশ অভিকুনথাক। পরে তার সামাজিক উচ্চ অবস্থান বুঝতে পেরে ঢুকতে দেওয়া হয়।
এমন ঘটনার পর সেই মল বর্জনের ডাক দিয়েছেন আশিশ। অনেকেই তার এই আহ্বানে সহমত জানিয়েছে। কিন্ত মলটির কর্তৃপক্ষ ওই অভিযোগ অস্বীকার করেছে।
ফেসবুকে শনিবার এই ঘটনার উল্লেখে আশিশ লিখেন, ২৬ বছর ধরে তিনি ধুতি পরে আসছেন। নিরাপত্তার অজুহাতে লুঙ্গি ও ধুতি পরিহিতদের প্রবেশ নিষিদ্ধ বলে তাকে জানানো হয়। কিন্তু তিনি ইংরেজি ভাষায় বিতর্কে লিপ্ত হলে পরে ঢুকতে দেয়। তার এই ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যায়।

এই ঘটনার ভিডিও করা এবং ফেসবুকে পোস্ট করা দেবালিনা সেন সংবাদ সংস্থা পিটিআইকে জানান, “সম্ভবত ইংরেজিতে কথা বলতে দেখে তারা বুঝতে পারে আমি উচ্চ সামাজিক মর্যাদার লোক এবং প্রবেশের অনুমতি দেয়। আমরা তখনই প্রতিবাদ স্বরূপ বেরিয়ে আসি।”
তবে এমন অভিযোগ অস্বীকার করে মল কর্তৃপক্ষ পিটিআই’কে বলেন, আশিশকে প্রবেশের অনুমতি দেওয়ার আগে নিরাপত্তা কর্মী তার সুপারভাইজারের সাথে কথা বলে নেয়। এজন্য আশিশকে মাত্র ২০ সেকেন্ড অপেক্ষা করতে হয়। তার মলে প্রবেশের সময়কার ফুটেজ আমাদের কাছে আছে।

কিন্তু সামাজিক মাধ্যমে এই ইস্যুটি ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মলটি বয়কটের ডাক দেয়।








