কান চলচ্চিত্র উৎসবে পাম ডি’অর পুরস্কার জিতলো ফরাসী সিনেমা ‘ধীপান’। রোববার ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়।
রাতটা ফরাসি সিনেমার জন্য বেশ শুভ হয়েই এসেছিলো। কারণ এদিন আরো দুটি পুরস্কার যায় ফরাসী চলচ্চিত্রের দখলে।
শ্রীলঙ্কার গৃহযুদ্ধের এক তামিল শরণার্থী কিভাবে ধ্বংসস্তুপ এবং নেশার আস্তানা থেকে এক হাউজিং স্টেটে নিজের জীবনের নতুন দিক তৈরি করার চেষ্টা করে সেই গল্পই শোনায় ‘ধীপান’।
সিনেমাটির পরিচালক অঁদিয়ার্দ বলেন, জানতাম পুরস্কার পেলে কেমন অনুভব হয়। কিন্তু কোয়েন ব্রাদার্সের হাত থেকে পুরস্কার নেওয়ার অভিজ্ঞতাটা আসলেই ব্যতিক্রমী কিছু।
আমেরিকান পরিচালক জোয়েল এবং কোয়েন এবারের কান চলচ্চিত্র উৎসবের সভাপতিত্ব করেন।
স্টেফানি ব্রিজ পরিচালিত ‘লা লোই ডু মারচে’ সিনেমার জন্য ফ্রান্সের আরেক অভিনেতা ভিনসেন্ট লিন্ডন সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।
আর টড হাইন পরিচালিত ‘ক্যারল’ সিনেমায় অভিনয়ের জন্য আমেরিকান অভিনেত্রী রুনি মারা এবং মাইওয়েন বেসকোর পরিচালিত ‘মন রয়’ সিনেমায় অভিনয়ের জন্য ইমানুয়েল্লে বারকট যৌথভাবে ঘরে তুলেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।






