ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আবাহনী লিমিটেডের দিলারা দোলা। জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫৪ বলে শতক হাঁকান তিনি।
শুক্রবার বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নামা আবাহনীর জার্সিতে উইকেটরক্ষক-ব্যাটার দোলা ঝড় তোলেন। বাইশ গজে প্রতিপক্ষ বোলারদের উপর শাসন চালান।
উদ্বোধনী জুটিতে শারমিন সুলতানার সঙ্গে দোলা ১৩৮ রান যোগ করেন। পুরবী পাটোয়ারীর বলে বোল্ড হওয়ার আগে ৫৮ বলে ১৩ চার ও ৫ ছক্কায় ১০৪ রানের নান্দনিক ইনিংস খেলে যান দোলা।
এর আগে ২০২২-২৩ মৌসুমে কলাবাগান কেসির বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে জেসিয়া আক্তারের ৬৬ বলে পাওয়া শতকটি ডিপিএলের দ্রুততম সেঞ্চুরি ছিল।
আবাহনীর হয়ে চারে নামা স্বর্ণা আক্তারও সেঞ্চুরির দেখা পান। ৯০ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১১৮ রানের ইনিংস খেলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রানের পাহাড় গড়ছে আবাহনী। ৪৮ ওভারে ৬ উইকেটে ৩৭৪ রান তুলে ছুটছে।








