প্রথম ম্যাচ দেখে মনে হচ্ছিল গত মৌসুমের যত কলঙ্ক নতুন মৌসুমে মাটি চাপা দেবে রিয়াল মাদ্রিদ। কিন্তু পরের ম্যাচেই অন্য রিয়াল, সদ্য অতীতের ফল এখনও যেন মাথা থেকে ঝেরে ফেলতে পারেনি জিনেদিন জিদানের শিষ্যরা। দল বেঁধে খেলা দেখতে আসা সমর্থকরা দেখলেন নিজ মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ভ্যালাদোলিদের কাছে পয়েন্ট খুইয়ে বসেছে প্রিয় দল!
প্রায় পুরনো সব প্রিয় শিষ্যদের দিয়েই শনিবার দল সাজিয়েছিলেন জিদান। করিম বেনজেমা থেকে শুরু করে গ্যারেথ বেল, ইস্কো, কাসেমিরো, টনি ক্রুস- সবাই ছিলেন। এমনকি বায়ার্নে ধারে খেলা হামেস রদ্রিগেজকেও এদিন প্রথম একাদশে রেখেছিলেন রিয়াল কোচ। শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন গত মৌসুমে বেশিরভাগ সময় সাইডবেঞ্চে কাটানো লেফটব্যাক মার্সেলো।
এই দল নিয়েই ভ্যালাদোলিদের রক্ষণ ভাঙতে কাহিল হয়ে গেছে রিয়াল। ৮২ মিনিটে এসে অনেক ত্যাগ তিতিক্ষার পর ফাটল ধরান পুরনো সৈনিক বেনজেমা। রাফায়েল ভারানের পাসে লস ব্লাঙ্কোসদের জার্সি গায়ে লা লিগায় করলেন ১৫০তম গোল।
সেই গোল নিয়ে স্বস্তিতে ডাগআউট ছাড়ার সৌভাগ্য হয়নি জিদানের। ৮৮ মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন সার্জি গার্দিওলা। রিয়াল রক্ষণের ভুলে গোল করে পয়েন্ট কেড়ে নেন ভ্যালাদোলিদ উইঙ্গার।
গত মৌসুমে আক্রমণের পাশাপাশি রক্ষণ হয়ে উঠেছিল রিয়ালের বেহুলার বাসর। নতুন মৌসুমে যে সমস্যা কাটেনি সেটা মাত্র দ্বিতীয় ম্যাচেই দৃশ্যমান। লম্বা সফর পাড়ি দিতে হলে রক্ষণ ছিদ্রে যতটা সম্ভব জোড়াতালি দিতে হবে জিনেদিন জিদানকে।







