দল ঘোষণা দিয়েই চমকে দিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তার বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা দুই ফরোয়ার্ড অ্যালেক্সান্দ্রে ল্যাকাজেত্তে ও অ্যান্থনি মার্শাল। সঙ্গে দুই বছর আগে ইউরো কাপে দারুণ খেলা দিমিত্রি পায়েত চোটে পড়ে ছিটকে গেছেন ২৩ জনের বিশ্বকাপ দল থেকে।
পায়েতের বাদ পড়ার কারণ দুদিন আগে পাওয়া চোট। ইউরোপা লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফাইনালে চোটে পড়েন মার্শেই অধিনায়ক। ল্যাকাজেত্তে ও মার্শালের সঙ্গে দেশম দলে রাখেননি পিএসজি মিডফিল্ডার আদ্রিয়ান রাবিওঁত ও বায়ার্ন মিউনিখ তারকা কিংসলে কোম্যানকেও।
চোট কেড়ে নিয়েছে আরেকটি বড় মুখকেও। আর্সেনাল ডিফেন্ডার লরাঁ কসিলিয়েনির খেলা হচ্ছে না ২০১৮ বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ জুনের ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের বিশ্বকাপ মিশন। ‘সি’ গ্রুপে দলটির বাকি দুই প্রতিপক্ষ পেরু ও ডেনমার্ক।
ফ্রান্সের বিশ্বকাপ দল
গোলরক্ষক: আলফেন্সো আরিওলা, হুগো লরিস, স্টিভ মানদান্দা।
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, বেনজামিন মেন্ডি, বেনজামিন পাভার্দ, আদিল রামি, জিবরিল সিদিবে, স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে।
মিডফিল্ডার: এনগোলা কন্তে, ব্লেইজে মাতুইদি, স্টিভেন এনজনজি, পল পগবা, করেন্টিন টলিসো।
ফরোয়ার্ড: উসমানে ডেম্বেলে, কাইলিয়ান এমবাপ্পে, অলিভিয়ের জিরুদ, অ্যান্তনিও গ্রিজম্যান, ফ্লোরিয়ান থোভিন, থমাস লেমার, নাবিল ফেকির।









