বলিউডে বরাবরই ঠোঁটকাটা হিসেবে পরিচিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আবারও নিজের সেই স্বভাবের প্রমাণ রাখলেন সবার কাছে।
সম্প্রতি দীপিকার জেএনইউ বিক্ষোভ পরিদর্শন নিয়ে মুখ খুলেছেন কঙ্গনা। এ বিষয়ে স্পটবয়কে দেওয়া এক সাক্ষাতকারে কঙ্গনা বলেন যে, আমার মনে হয় দীপিকা তার ব্যক্তিগত মতামত জানিয়েছেন। গণতান্ত্রিক দেশ হিসেব একজন ব্যক্তি নিজের যা ইচ্ছা করতে পারেন। সে ভাল করেই জানেন সে কী করছেন, কেন করছেন। তাই আমি তাকে কোন পরামর্শ দিতে চাই না এবং তার বিষয়ে আমার কিছু বলা উচিতও হবে না। তবে আমি এটা বলতে চাই যে, দীপিকা যা করেছে আমি সেটা করতাম না।
এছাড়া তিনি আরো জানান যে, আমি কখনোই জেএনইউ এর ওই টুকরো গ্যাং এর পাশে গিয়ে দাঁড়াতাম না। যারা দেশ ভাগ করতে চায় আমি তাদের পাশে দাঁড়াই না। যখন দেশের সেনারা শহীদ হয় তখন ওরা আনন্দ করে। তাহলে কেন আমি ওদের পাশে গিয়ে দাঁড়াবো? যাই হোক আমি আমার মতামত জানিয়েছি। তবে কে কী করছে সেটা দেখার বা বিবেচনা করার দায়িত্ব আমার না।
এদিকে কিছুদিন আগে অ্যাসিড আক্রান্ত তরুণী লক্ষ্মী আগারওয়ালের জীবন সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত ছবি ‘ছপাক’ নিয়ে দীপিকার প্রসংশা করেছিলেন কঙ্গনা।
এমনকি ‘ছপাক’ বয়কটের ঘোষণা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, ‘ছপাক’ বয়কট করলে কিছুই হবে না। কারণ, সিনেমা নিজের ক্ষমতায় সফল হয়।
বর্তমানে কঙ্গনা ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘পাঙ্গা’র প্রচারণায়। ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ জানুয়ারি।







