কুয়েতের মোট গৃহকর্মীর ৮৬.১ ভাগই বাংলাদেশসহ এশিয়ার ৪ দেশের

ছবি: সংগৃহীত
কুয়েতে কর্মরত মোট গৃহকর্মীর ৮৬ দশমিক ১ শতাংশই বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের নাগরিক। চারটি দেশের মোট ৭ লাখ ৬০ হাজার ৭৪৪ জন নাগরিক মধ্যপ্রাচ্যের দেশটিতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন।
রোববার (১১ অক্টোবর) কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে শ্রীলঙ্কার অনলাইন সংবাদমাধ্যম ডেইলি মিরর।
পরিসংখ্যান অনুযায়ী, কুয়েতে গৃহকর্মীর সংখ্যায় শীর্ষে রয়েছে ভারত। দেশটির ৩ লাখ ৪৪ হাজার ৫৩২ জন নাগরিক কুয়েতে গৃহকর্মী হিসেবে কর্মরত, যা মোট গৃহকর্মীর প্রায় ৩৯ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। দেশটির ১ লাখ ৫৭ হাজার ৯০১ জন নাগরিক কুয়েতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন। মোট গৃহকর্মীর ১৭ দশমিক ৯ শতাংশ শ্রীলঙ্কার নাগরিক।
তৃতীয় অবস্থানে থাকা ফিলিপাইনের ১ লাখ ৫১ হাজার ৩৬৯ জন নাগরিক কুয়েতে গৃহকর্মী হিসেবে নিয়োজিত। দেশটির নাগরিকদের অংশ ১৭ দশমিক ১ শতাংশ।
অন্যদিকে, কুয়েতে গৃহকর্মীর সংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটির ১ লাখ ৬ হাজার ৯৪২ জন নাগরিক কুয়েতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন। মোট গৃহকর্মীর ১২ দশমিক ১ শতাংশ বাংলাদেশি।
পরিসংখ্যানে দেখা গেছে, কুয়েতে প্রতি ১০ জন গৃহকর্মীর মধ্যে আটজনেরও বেশি এই চার দেশের নাগরিক। বাকি ১৩ দশমিক ৯ শতাংশ, অর্থাৎ প্রায় ১ লাখ ২২ হাজার ৫৬৪ জন গৃহকর্মী অন্যান্য দেশের নাগরিক।
প্রকাশিত তথ্য অনুযায়ী, কুয়েতের গৃহকর্মী খাতে এশিয়ার কয়েকটি দেশের নাগরিকদের উল্লেখযোগ্য প্রাধান্য রয়েছে। এ খাতে কর্মরত প্রতি ১০ জনের মধ্যে প্রায় চারজন ভারতীয়। অন্যদিকে, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের গৃহকর্মীর সংখ্যা কাছাকাছি হলেও শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে।






