দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুন, বহু হতাহত

ভারতের রাজধানী দিল্লিতে একটি আবাসিক হোটেলে আগুন লেগে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছে কমপক্ষে আরও তিনজন।
দিল্লির কারোলবাগ এলাকায় হোটেল অর্পিত প্যালেসে স্থানীয় সময় ভোর চারটার দিকে আগুনের ঘটনাটি ঘটে। ভোর ৪টা ৩৫ মিনিটে খবর পাওয়ার সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার ব্রিগেডের ছয়টি ইউনিট।
হতাহতের তথ্যটি নিশ্চিত করেছেন দিল্লি ফায়ার ব্রিগেডের উপপ্রধান সুনীল চৌধুরী।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভারতের বিভিন্ন গণমাধ্যমে। ভিডিওতে সাদা রঙের পাঁচতলা ওই ভবনের ছাদে আগুন দাউদাউ করে জ্বলতে দেখা গেছে।
হোটেল ভবনটি থেকে ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এদের মধ্যে আহত ও দগ্ধদের তাৎক্ষণিকভাবে কাছাকাছি রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই আগুনের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছে। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। এ দু’জনই উদ্ধারের আগে হোটেলের বারান্দা থেকে প্রাণভয়ে লাফিয়ে নিচে পড়ে মারা যায় বলে জানান সুনীল চৌধুরী।
আগুনের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।







