প্রথম ম্যাচে রেকর্ড রানে জয়ের পরও ব্যাটিংয়ে শক্তি বাড়ানোর তাগিদ অনুভব করছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডের জন্য উইকেটরক্ষক-ব্যাটার দিলারা আক্তার দোলাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে দিলারাকে দলে যুক্ত করার খবর জানায় বিসিবি। প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফেরানো হল তাকে। টি-টুয়েন্টি দলের নিয়মিত মুখ ২০ বর্ষী হার্ডহিটার ব্যাটার।
এপর্যন্ত ১৮ ইনিংসে ৯৬.৭৪ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২০৮ রান। বাংলাদেশের হয়ে অন্তত দুইশ রান করা ব্যাটারদের মধ্যে দিলারার স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি।
শনিবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। জিতলে সিরিজ নিশ্চিত করে ফেলবে নিগার সুলতানা জ্যোতির দল। একই মাঠে সিরিজের শেষ ম্যাচ সোমবার।
বুধবার প্রথম ম্যাচে টপঅর্ডারের তিন ব্যাটারই রান পেয়েছেন। তিনে নেমে ৮৯ বলে ৯৬ রানের আগ্রাসী ব্যাটিং করেছেন শারমিন আক্তার সুপ্তা। দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক পিংকি কিছুটা মন্থর ছিলেন শুরুতে।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন হ্যাপি, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার, দিলারা আক্তার।










