নর্থ কোরিয়ার এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা দল পাল্টে সাউথ কোরিয়ার দলে ভিড়েছেন বলে দাবি করছে সাউথ কোরিয়া।
দল বদলানো ওই গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ না করা হলেও জানানো হয়েছে, তিনি নর্থ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক নিরীক্ষণ বিষয়ক জেনারেল ব্যুরোর জ্যেষ্ঠ কর্নেল ছিলেন। সরকারি গোয়েন্দা কর্মকাণ্ড তদারকির দায়িত্বে ছিলেন তিনি। তবে গত বছর চাকরি ছেড়ে দেন ওই ব্যক্তি।
প্রাথমিক নিরীক্ষণ বিষয়ক এই জেনারেল ব্যুরো গোয়েন্দা তথ্য যোগাড়, গুপ্তচরবৃত্তি, এমনকি সাইবার যুদ্ধে বিভিন্ন দিক দেখাশোনা করে।
সাউথ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহ্যাপ জানায়, এই কর্মকর্তা পক্ষবদল করা সবার মাঝে সেরা। তবে তার সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানান সাউথ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মুন স্যাং-গিউন।
নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইয়নহ্যাপকে জানান, ‘ধারণা করা হচ্ছে, ওই কর্নেলের কাছ থেকে সাউথ কোরিয়ার বিরুদ্ধে নর্থ কোরিয়ার জেনারেল ব্যুরোর কর্মপরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।’
কোরিয়া যুদ্ধের অবসান হওয়ার পর ২৮ হাজারেরও বেশি মানুষ নর্থ কোরিয়া ছেড়ে চলে গেছে। তবে উচ্চ পর্যায়ের লোকজনের মধ্যে এ হার খুবই কম।
গত সপ্তাহে অন্য একটি দেশে অবস্থিত একটি নর্থ কোরীয় রেস্টুরেন্ট থেকে ১৩ নর্থ কোরীয় নাগরিক দল বেঁধে পালিয়ে যায়। এছাড়াও দেশটির আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা দেশের বাইরে কাজ করা অবস্থায় দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পালিয়ে গেছে।








